বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও স্বচ্ছ করতে অনলাইনভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থায় বিবাহের তথ্য গোপন করে পুনরায় বিয়ে, বাল্যবিবাহ ও অনুমোদনহীন বহুবিবাহের মতো অনিয়ম সহজেই প্রতিরোধ করা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের সব তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো দেশের নাগরিকদের বৈবাহিক তথ্য একটি নির্ভরযোগ্য ও কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা।
এর মাধ্যমে প্রতিবছর কতটি বিবাহ নিবন্ধিত হচ্ছে, কোথাও বাল্যবিবাহ ঘটছে কি না এবং বিবাহ-সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কি না তা সহজে পর্যবেক্ষণ ও যাচাই করা যাবে। তিনি আরও বলেন, অনলাইন নিবন্ধন চালু হলে কোনো ব্যক্তি আগে বিয়ে করেছেন কি না, করে থাকলে কতটি করেছেন এবং নতুন বিয়ের ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিলের পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না তা যাচাই করা যাবে। ফলে তথ্য গোপন করে বিয়ে, গোপন বিয়ে ও পরবর্তীতে বিয়ে অস্বীকারের সুযোগ কমবে।
একই সঙ্গে নারী-পুরুষ উভয়েই সম্ভাব্য জীবনসঙ্গীর পূর্ববর্তী বৈবাহিক তথ্য জেনে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন, যা সামগ্রিকভাবে বহুবিবাহের প্রবণতা কমাতে সহায়ক হবে।
















