গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৫৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই প্রাণ হারিয়েছেন ৯৩ জন, যা চলতি বছরের মাসিক হিসাব অনুযায়ী সর্বোচ্চ মৃত্যুর হার। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে।

গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৬৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭ জন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন।

অন্য বিভাগের মধ্যে—চট্টগ্রামে ৩১৪ জন, খুলনায় ২৭১ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ৪১ জন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য নিয়মিতভাবে সংরক্ষণ করে আসছে।