নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তালিকা তৈরিতে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানান, সরকার কাজের বিনিময়ে তথ্য সংগ্রহকারীদের নির্দিষ্ট ভাতা প্রদান করবে। তবে এর বাইরে গিয়ে কোনো অনৈতিক কাজ বা দুর্নীতির আশ্রয় নিলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।
তথ্য সংগ্রহকারীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় সবচেয়ে দরিদ্র, অসহায় এবং প্রান্তিক মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি নির্দেশ দেন, যাদের কোনো স্থায়ী ঘর নেই বা যারা অত্যন্ত জরাজীর্ণ ছাপরা ঘরে বসবাস করছেন, তাদের তথ্য সবার আগে সংগ্রহ করতে হবে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করা প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছেই সরকারি এই সুবিধা পৌঁছাতে হবে বলে তিনি জোর দিয়ে বলেন।
কায়সার কামাল আরও সতর্ক করে বলেন, পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করা যাবে না। সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে তালিকা প্রণয়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারগুলোকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যুৎ সংকটের বিষয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার যে বিঘ্ন ঘটছে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দিনের আলো যথাযথভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি এবং দ্রুত এই সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।
















