আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য খুঁজে বের করে লাভ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক রহমানের রাজনীতি মূলত একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুটি ভিন্ন রূপ মাত্র। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির এই নেতা এসব কথা বলেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই; হাসিনা আর তারেকের রাজনীতি একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা এবং দলকে পারিবারিক প্রভাবের বলয়ে আটকে রাখার সংস্কৃতি উভয় দলের ক্ষেত্রেই একই।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ কোনো নির্দিষ্ট পরিবার, দল বা গোষ্ঠীর ব্যক্তিগত জমিদারি নয়।’

জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা এবং পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই দীর্ঘদিনের পুরোনো কাঠামো ভেঙে জনগণের প্রকৃত মালিকানা, প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে বলে তিনি তাঁর পোস্টে আহ্বান জানান।