ফেনী প্রতিনিধি
ফেনী জেলা পুলিশের চৌকস অভিযানে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা এলাকা হতে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়।এছাড়াও গত ২৪ ঘণ্টায় ফেনী মডেল থানা পুলিশের বিভিন্ন টিম পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে সন্ত্রাস বিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ ভোর রাত আনুমানিক ০৩:৫০ থেকে ০৪:২০ ঘটিকার মধ্যে ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা সৈয়দ সাইফু উদ্দিন (৫৬)-এর বসত ঘরের সামনের গোয়াল ঘর থেকে একটি চোর চক্র পিকআপ গাড়ি যোগে সঙ্গোপনে গরু চুরি করে নিয়ে যায়।ঘটনাটি জানার পর ফেনীর মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ফেনী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পতেঙ্গা ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৫ গরু চোর হলেন:১. মোঃ তৈয়ব আলী (৪০), পিতা- মৃত শামছুল আলম, সাং- ছোট মহেশখালী (অফিস পাড়া), থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার (বর্তমান ঠিকানা: স্টিল মিল বাজার, পতেঙ্গা, চট্টগ্রাম)।২. মোঃ বাবুল (৩৫), পিতা- মোঃ ইয়াছিন, সাং- নলগোরা (ইয়াকুব আলী বাড়ী), থানা- দৌলতখান, জেলা- ভোলা (বর্তমান ঠিকানা: স্টিল মিল খাল পাড়, পতেঙ্গা, চট্টগ্রাম)।৩. মোঃ মনির হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- কলের হাট (সরদার বাড়ী), থানা- শশীভূষন, জেলা- ভোলা (বর্তমান ঠিকানা: স্টিল মিল দেড়শ কলোনী, পতেঙ্গা, চট্টগ্রাম)।৪. মোঃ ফারুক হোসেন (৪৬), পিতা- মৃত তাহের খাঁ প্রঃ ওলি আহম্মদ, সাং- ইসলামপুর (পূর্ব পাড়া), থানা- নানিয়ারচর, জেলা- রাঙ্গামাটি (বর্তমান ঠিকানা: শেরশাহ মাঠের কর্নার, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম)।৫. মোঃ নাসির (৪৩), পিতা- মোঃ শাহ আলম, সাং- সিকদাই (পাঠান পাড়া), থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম (বর্তমান ঠিকানা: স্টিল মিল মুন বেকারী গলি, পতেঙ্গা, চট্টগ্রাম)।
পুলিশ জানায়, এই চক্রটি একটি নির্দিষ্ট পিকআপ গাড়ি নিয়ে গভীর রাতে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে আসছিল।ফেনী মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গরু চোর চক্রের এই ৫ সদস্য ছাড়াও গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও নিয়মিত পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আরও ৯ জনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে জেলাকে মাদকমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মাদক স্পটে নিয়মিত অভিযানসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী ও অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















