আলমগীর কবীর হৃদয়

পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩১০, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর বাজারের মোল্লা মার্কেট সংলগ্ন মোঃ রনি শেখের টি-স্টলের সামনে পাকা সড়কের ওপর দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে আসামি মোঃ টুকু আলীর পরনের লুঙ্গির কাছ থেকে ৩৫ পিস এবং মোঃ ফারদিন খান অনিকের প্যান্টের পকেট থেকে ১৫ পিস—সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ টুকু আলী (৪৮), পিতা—মৃত রিয়াজ উদ্দিন ব্যাপারী, মাতা—মৃত নুরজাহান, সাং—মানিকনগর, থানা—বেড়া, জেলা—পাবনা।

২. মোঃ ফারদিন খান অনিক (২৪), পিতা—মোঃ পিন্টু শেখ, মাতা—মোছাঃ আফরোজা ইয়াসমিন, সাং—নতুন ভারেঙ্গা, থানা—বেড়া, জেলা—পাবনা।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রয়ের কথা স্বীকার করেছে। এছাড়া ধৃত ১ নম্বর আসামি মোঃ টুকু আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন ধারায় মোট ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী পাবনার সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।