গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে
টঙ্গী অঞ্চলের ৫২ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনকে
ঘিরে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকলেও ওয়ার্ডবাসীকে একটি নিরাপদ ও আধুনিক এলাকা উপহার দিতে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন সাবেক যুবদল নেতা মো. সেলিম কাজল। তিনি টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পরিচ্ছন্ন ভাবমূর্তি, সার্বক্ষণিক জনসম্পৃক্ততা এবং দখল ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে তাকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এদিকে দিন দিন সরগরম হয়ে উঠছে স্থানীয় রাজনীতি।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নগরজুড়ে প্রার্থীরা নানা প্রস্তুতি শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ৫২ নং ওয়ার্ডে সাধারণ মানুষের প্রিয় ও বিশ্বস্ত মুখ হিসেবে উঠে এসেছে সেলিম কাজলের নাম।
স্থানীয়রা তাকে একজন ক্লিন ইমেজের নেতা ও সৎ সমাজসেবক হিসেবে গণ্য করছেন। দীর্ঘদিন ধরে ওয়ার্ডের নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা- আগামীতে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি হবেন সাধারণ মানুষের সুখ-দুঃখের সত্যিকারের সঙ্গী। ওয়ার্ডের দীর্ঘদিনের স্থায়ী জলজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ জুট ব্যবসা ও দখলদারি বন্ধ এবং পুরোপুরি চাঁদাবাজিমুক্ত একটি পরিচ্ছন্ন ওয়ার্ড নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
নিজের প্রার্থিতা ও ভিশন নিয়ে সাবেক এই যুবদল নেতা মো. সেলিম কাজল বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। ৫২ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত, জুট ব্যবসা কেন্দ্রিক দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে আমি যেন সাধারণ মানুষের সেবক হয়ে আমৃত্যু পাশে থাকতে পারি- এই জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।





















