রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শনিবার বিকেলে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ঘটনাস্থল হিসেবে গেণ্ডারিয়া রেললাইন এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস ও অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে ধাওয়া করছেন তিনি। এ সময় পিস্তলের স্লাইড টেনে গুলি করার জন্য প্রস্তুত করে ওই লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে শোনা যায় তাকে। ভিডিওতে সাদা পোশাক পরা আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ঘটনার বিষয়ে গেণ্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, উনারা ছয়জনকে ধরে মাদকসেবী বলে জানালে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। তাদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে। সেগুলো কী, তা পরীক্ষার পর জানা যাবে। এ ধরনের অভিযান চালানোর আগে পুলিশকে জানানো হয়েছিল কি না, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা বলেন, আমরা যতটুকু জেনেছি, ছয়-সাতজনকে ধরে তিনি থানায় দিয়েছেন। প্রতিমন্ত্রী মহোদয় অভিযানের বিষয়ে পুলিশকে আগে থেকে জানাননি, আমরা পরে বিষয়টি জেনেছি।

এদিকে শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তার নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বড় হবে। পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।