হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা ও যাত্রী ভোগান্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি প্রশ্ন তোলেন, যে সরকার একটি বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার কীভাবে পাঁচ বছর ঠিকঠাকভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সেই রাষ্ট্রের সক্ষমতা ও ব্যবস্থাপনার প্রতিচ্ছবি। অথচ ২০২৬ সালের স্কাইট্রাক্স র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় স্থান পায়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকাতেও জায়গা হয়নি এই বিমানবন্দরের।
তিনি বলেন, এই বিমানবন্দরে প্রতিনিয়ত যাত্রী হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি কথা বলেছিলেন প্রবাসীদের পক্ষে, যারা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন হিসেবে পরিচিত। যাদের পাঠানো রেমিট্যান্স দিয়ে সরকার দেশ পরিচালনা করে, সেই প্রবাসীদের ভোগান্তি ও বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েই তিনি প্রশ্ন তুলেছিলেন।
ডাকসু ভিপি অভিযোগ করেন, প্রতিবাদের জবাবে দেখা গেল উল্টো চিত্র। যাদের ব্যর্থতার কারণে প্রবাসীদের ল্যাগেজ চুরি হয় এবং মালামাল ঠিকভাবে পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ যিনি ভোগান্তির শিকার হয়ে প্রতিবাদ করলেন, তাকে মামলা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেফতার করা হলো। যে সরকার রাড্ডা হাসপাতালে ভাঙচুরকারীদের এক সপ্তাহেও গ্রেফতার করতে পারেনি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাকারীদের ধরতে পারেনি, সেই সরকার নাগরিক অধিকারের পক্ষে কথা বলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত গ্রেফতার করেছে। একজন সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধাকে হাতে হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে আনা এবং রিমান্ডে নেওয়ার ঘটনাকে তিনি লজ্জাজনক বলে মন্তব্য করেন।
সাদিক কায়েম আরও বলেন, বিএনপি সরকার শুরু থেকেই প্রকাশ্যে প্রবাসীবিদ্বেষী আচরণ করছে। নির্বাচনের আগে থেকে তারা বারবার প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে এবং তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এখন প্রবাসীদের ভোগান্তি নিয়ে কথা বলায় একজন সিনিয়র সিটিজেনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।





















