ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবা শরিফের সামনে কালো বোরকা পরে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। চারপাশে মুসল্লিদের ভিড়ের মধ্যে তাকে বেশ আবেগাপ্লুত ও প্রশান্ত দেখাচ্ছিল।

ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের এই অভিজ্ঞতাকে তিনি তার জীবনের একটি বিশেষ ও স্মরণীয় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। একই পোস্টে তিনি ভক্তদের প্রতি নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ বক্তব্যের শেষ অংশে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ তার এই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

সিফাত বিন রুবেল নামের এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’ অন্য অনুরাগী সানভি আহমেদ ইমন লেখেন, ‘তাওয়াফ করার ভিডিও যত দেখি আবেগি হয়ে যায় আসলে ওই যায়গার অনুভূতি ওখানকার বাতাস ও সুগন্ধে সঙ্গে তাওয়াফ করার অনুভূতির কাছে পৃথিবীর সকল আনন্দ অনুভূতি মলিন ফিকে।’ সজীব হোসাইন নামের একজন মন্তব্য করেন, ‘ইসলামের পবিএতা নিজের মধ্যে ধারন করাই আসল মুমিনের পরিচয়।’ এছাড়া শরীফুল ইসলাম নামের আরেক ভক্ত লিখেছেন, ‘কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আল্লাহর ঘরের সামনে এই মুহূর্তটা যেন সারাজীবনের সুন্দর এক স্মৃতি হয়ে থাকে।

আল্লাহ আপনার ইবাদত ও দোয়া কবুল করুন, আর আমাদেরও একদিন এই পবিত্র ঘরের মেহমান হিসেবে ডাক দিন। আমিন, ইয়া রব!’