পরিবার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ভিডিওর বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন চিত্রনায়ক ওমর সানী। স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে জড়িয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিও সরিয়ে না নিলে মামলা করা হবে। পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে ধারাবাহিক মিথ্যাচারে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা।

বুধবার ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসির মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করেন ওমর সানী। এ সময় পরিবারকে ঘিরে চলমান আলোচনা নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কেন লেখালেখি করা হচ্ছে। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, আমার বউকে নিয়ে আমার কোনো টেনশন নেই, টেনশন আপনাদের। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই কি নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা বাসা থেকে মা মৌসুমীকে বের করে দিয়েছেন বলেও প্রচার করা হয়। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন ওমর সানী। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন, আর মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব কোনো বাড়ি বা সম্পত্তি নেই বলেও জানান তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর ছড়ানো হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে স্পষ্ট করেন এই অভিনেতা।

পরিবার নিয়ে ভালো থাকার কথা জানিয়ে ওমর সানী বলেন, ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি। আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি। মিথ্যা তথ্য প্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমার বেশি টাকার প্রয়োজন নেই। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পেজ ও অ্যাকাউন্ট থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়িয়ে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়। এর আগে মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছিলেন ফারদিন নিজেও।

নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন। ছেলের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন ওমর সানী। এবার বিএফডিসিতে সাংবাদিকদের সামনে এসে একই বিষয়ে সরাসরি কথা বলে বিভ্রান্তিকর প্রচার বন্ধ না হলে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার বার্তাই দিলেন এই অভিনেতা।