এম এ এহসান রিয়াজ
লক্ষ্মীপুরের কমলনগরে এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে লাল একাদশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট ভুলুয়া ব্রিজ মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ এ জয় পায় দলটি।
খেলাটিতে মাঠজুড়ে ছড়িয়ে ছিল দারুণ এক পারিবারিক ও আবেগঘন মুহূর্ত। খেলার শুরুতে লাল একাদশের মূল কোচের দায়িত্বে থাকা বাবা মোখলেছুর রহমান ধনুর হাতে নিজের অধিনায়কের ব্যান্ড পরিয়ে দেন ছেলে মনজিল। ছেলের দেওয়া এই ব্যান্ড হাতে নিয়ে খেলার প্রথম ১০ মিনিট অধিনায়কের দায়িত্ব পালন করেন বাবা। শুধু তাই নয়, মাঠে নেমে চমৎকার এক গোল করে দলকে এগিয়েও দেন তিনি। পরবর্তীতে আবার ছেলে মনজিলের হাতে অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি ডাগআউটে কোচের ভূমিকায় ফিরে যান। মাঠে বাবা-ছেলের এমন ফুটবল প্রীতি গ্যালারিতে উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
অন্যদিকে প্রতিপক্ষ ‘ইনসাফ বাইক পয়েন্ট’-এর হয়ে বিকেএসপির কয়েকজন অভিজ্ঞ ফুটবলার মাঠ কাঁপালেও লাল একাদশের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের সামনে তারা শেষ পর্যন্ত পরাস্ত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে হাসিমুখেই মাঠ ছাড়ে বিজয়ী লাল একাদশ।
টুর্নামেন্টে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে দলটির খেলোয়াড়রা আগামী ম্যাচগুলোর জন্য সর্বস্তরের দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।





















