হাফিজুর রহমান খান

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়া নগর গ্রামের ‘দরিয়া নগর কুলিং কর্নার’ দোকানের বিপরীত পাশে সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মরিয়ম বেগম টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুর রহমানের স্ত্রী। তার পিতার নাম মৃত সৈয়দুর রহমান এবং মাতার নাম শামছুন নাহার।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে মরিয়ম বেগমের দুই পায়ের মাঝখানে রাখা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় রেক্সিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো এবং সুতা দিয়ে সেলাই করা পলি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটের ভেতর থেকে অ্যামফিটামিনযুক্ত ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত কালো রঙের একটি ট্রাভেল ব্যাগও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা ইয়াবা মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল এসব তথ্য জানিয়েছেন।