রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক দখল করে প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা চাঁদা দাবি এবং মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, চাঁদাবাজি বন্ধ ও দখল হওয়া স্ট্যান্ডগুলো উদ্ধারের দাবি জানিয়েছে বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়ন। শুক্রবার ৯ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।
এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা মো ইয়াকুব আলী। তিনি অভিযোগ করেন, গত ৫ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের পাঁচটি লেগুনা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া হয়। তাঁর দাবি, ঢাকা ১৪ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এ সিদ্দিক সাজ্জুর সমর্থক ও সহযোগী হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপকর্মের অভিযোগে দল থেকে বহিষ্কৃত ব্যক্তিরা এই দখলের সঙ্গে জড়িত। ইয়াকুব আলীর অভিযোগ অনুযায়ী, বিপ্লব, সোলেমান দেওয়ান, মহব্বত আলী, পাভেল ভূঁইয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন, শামীম ও মজিবর রহমানসহ ৬০ থেকে ৭০ জন এই ঘটনায় অংশ নেন। সংগঠনের নেতারা জানান, স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর মালিকদের কাছে প্রতিটি লেগুনার জন্য ৩০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে মালিকদের ভয়ভীতি দেখানো ও নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।
এ ছাড়া লেগুনা মালিক ইয়াকুব আলী, নজরুল ইসলাম ও বাবুলের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। নেতাদের আরও অভিযোগ, হামলার পর ইয়াকুব আলী দারুস সালাম থানায় অভিযোগ জানাতে গেলে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি। তদন্তে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলন থেকে পাঁচটি স্ট্যান্ড দখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে স্ট্যান্ডগুলো দখলমুক্ত করে মালিক শ্রমিকদের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান নেতারা। সংবাদ সম্মেলনে মো ইয়াকুব আলী, মো নজরুল ইসলাম, মো সাইদুল শেখ, আলামিন ও ফিরোজসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।





















