ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ১০ মিনিটে জেলার ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় অফিসার-ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন। অভিযানে আনুমানিক এক লাখ টাকা মূল্যের ২০০ পিস ইয়াবা, এক লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইন এবং মাদক বহনে ব্যবহৃত এক লাখ বিশ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ধোবাউড়ার ঘিলাগড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. একরামুল ইসলাম (৩৮) এবং উত্তর রাণীপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. জয়নাল আবেদীন (৪০)। তাঁদের মায়ের নাম যথাক্রমে মোছা. রাবিয়া খাতুন ও জহুরা খাতুন।