প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হিসেবে নয়, বরং মানুষের কল্যাণে কাজ এবং ক্ষমতার প্রদর্শন নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মিশন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি বিস্তারিত পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে যেতে এক দিন এবং ফিরতে আরও এক দিন সময় লাগবে। মাঝের মাত্র চার দিন সময় হাতে রয়েছে। এক মুহূর্তও অপচয় না করে এই চার দিনেই একের পর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় নিরলস কূটনৈতিক ব্যস্ততা বজায় রাখা হবে। সব মিলিয়ে এটি মাত্র ৬ দিনের একটি অত্যন্ত ব্যস্ত সফর।’’

পোস্টটিতে তিনি আরও বিস্তারিত জানান যে, প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে মোট ৩৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত রয়েছেন ১৫ জন। এছাড়া নিরাপত্তা নিশ্চিতকরণ, মিডিয়া ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত দায়িত্ব পালনে নিয়োজিত অত্যাবশ্যকীয় ব্যক্তিরাও এই সফরে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে তিনি আরও জোর দিয়ে বলেন, ‘‘এটি কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়; এটি মানুষের জন্য কাজ। এটি ক্ষমতা প্রদর্শন নয়; এটি বাংলাদেশের স্বার্থ রক্ষা। এই সফর একই সঙ্গে পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে।’’

মুখপাত্র মাহ্দী আমিন আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে বসে থাকবেন সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।