আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থার উন্নয়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আসন্ন পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো ধরনের অপচেষ্টা সরকার কোনোভাবেই মেনে নেবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রমজানকে সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত রয়েছে।

ফলে রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি দেখা দেবে না এবং বাজারে সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। সারা বছর তুলনামূলক স্থিতিশীল দামে নিত্যপণ্য, বিশেষ করে সবজির সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনো সবজি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হলে সারা বছরই স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।