জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জিহাদ আকন্দ। শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জিহাদ আকন্দ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি তেঘরিয়া উত্তর মোড় এলাকার মাওলানা ওয়াজেদ আলীর ছেলে।
পোস্টে জিহাদ লেখেন, সম্মেলনের মধ্য দিয়ে তিনি ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজ থেকে তিনি আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে থাকতে চান না।
এ বিষয়ে জানতে চাইলে জিহাদ আকন্দ বলেন, আমি আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হয়ে থাকতে চাই না। একজন সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই। তাই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।





















