রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে চালানো হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই অরাজক ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, ক্ষমতার দাপটে এবার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। শফিকুর রহমানের ভাষ্যমতে, মধ্যরাতে মুখোশ পরিহিত প্রায় দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। এরপর সেখানে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের পর পুরো কেন্দ্রটি ধ্বংস করে দেওয়া হয়। ঘটনাস্থলে রহস্যজনক একটি সাইনবোর্ড টাঙানোর বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
ঘটনার পর প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াত আমির। শফিকুর রহমান মনে করেন, এই হামলার পেছনে কারা মস্তিষ্ক হিসেবে কাজ করেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে বের করা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার একদিকে যেমন জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা; কারণ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই এখন হামলার শিকার হচ্ছে। এ ধরনের অরাজকতা বন্ধ করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো আহ্বান জানান তিনি।





















