পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১৯৭৭ সালে শহীদ জিয়ার সময়ে সম্পাদিত ফারাক্কা চুক্তির মতো এবারও চুক্তি নবায়নের কাজ চলছে। এ লক্ষ্যে পানি বিশেষজ্ঞসহ টেকনিক্যাল কমিটি বিষয়টি নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ কারণে এই সময়ে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়টি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের নদীগুলো যাতে নাব্যতা ফিরে পায়, সেজন্য প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ তাদের বাঁধ, স্লুইসগেট ও ব্যারেজ থেকে আমাদের প্রাপ্যতা অনুযায়ী পানি সরবরাহ করবে। এর মধ্য দিয়ে দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, জনগণের মধ্যেও আরও জোরদার ও শক্তিশালী হবে।

শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন এবং নদী নিয়ে কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া উপজেলা সম্মেলন কক্ষে নোঙর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।