কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এমন পরিস্থিতিতে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
শনিবার ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৪৩৬ এর রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত ঢাকার কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান। নিরাপদ অবতরণের আগে উড়োজাহাজের ওজন কমাতে জ্বালানি হ্রাসের জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল। এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় রানওয়ের পাশে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট দক্ষতার সঙ্গে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।





















