সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) সংস্থাটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউএইচ) বন্ধ থাকায় বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব নির্ধারিত ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে হালনাগাদ করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
একই সঙ্গে এই পরিস্থিতিতে সব যাত্রীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীদের হালনাগাদ তথ্যের জন্য বিমানের হটলাইন ও নিকটস্থ বিক্রয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





















