ইয়েমেনের হুথিদের ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত করা ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের সরাসরি জানিয়ে দেওয়া হবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। বাড়তি যাত্রীচাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বড় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে।
এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।





















