‘আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে আবু হানিফ বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল কিছুটা ভিন্ন। দলটি নিজেদের কিছু রাজনৈতিক এজেন্ডা সরাসরি সামনে না এনে বিভিন্ন সহযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে।

এনসিপিও সেই কৌশলেরই একটি অংশ। তিনি বলেন, শুরুতে এনসিপি ‘সেকেন্ড রিপাবলিক’ ও সংবিধান সংস্কারের কথা বলেছিল। কিন্তু এসব এজেন্ডা মূলত জামায়াতেরই ছিল। যদিও এসব প্রতিশ্রুতির কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি। নিরপেক্ষতার কথা বলে যাত্রা শুরু করলেও সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের কোলেই উঠেছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, শুধু এনসিপি নয়, রাজশাহীর আম্মার কিংবা আয়াশের মতো অনেকেই জামায়াতের মাইক, যখন যেটা দরকার সেটাই জামায়াত বাজায়।

এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটা প্রতীয়মান হয় যে, এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক সত্তা নেই, বরং এরা জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি প্রক্সি টিম। এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করলে এটা পরিষ্কার যে, আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত।