কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে পদ না পেয়ে ক্ষোভ ও অভিমানে প্রকাশ্যে নিজের গালে জুতাপেটা করেছেন মো. মহসিন ভূঁইয়া নামে এক পদবঞ্চিত নেতা। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মহসিন ভূঁইয়া এর আগে উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে ওই কমিটি অনুমোদন পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। অথচ নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। মহসিন ভূঁইয়ার অভিযোগ, আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা না রাখা ব্যক্তিরাই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। অন্যদিকে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন সংগ্রামে যুক্ত নেতাকর্মীদের অবমূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন। তার দাবি, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি গঠন করা হয়েছে।