জীবনের নানা ঘাত-প্রতিঘাত, দুঃখ-বেদনা, দুশ্চিন্তা ও হতাশা অনেক সময় নির্জন রাতকে দুর্বিষহ করে তোলে। গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, ব্যস্ত জনপদে নেমে আসে সুনসান নীরবতা, তখন মনের আঙিনায় ভিড় করে অসংখ্য স্মৃতি, ফেলে আসা বেদনাময় দিনের কথা। দীর্ঘশ্বাসের সঙ্গে তখন ঘুমও যেন হারিয়ে যায়। এমন যন্ত্রণাকাতর ও নির্ঘুম রাতে নামাজ হতে পারে মুমিনের শ্রেষ্ঠ আশ্রয়। মহান আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে মুমিন উজাড় করে দিতে পারে হৃদয়ের সব কথা ও সব ব্যথা। মহামহিম আল্লাহর সঙ্গে এই গোপন কথোপকথনের মাধ্যমে যন্ত্রণার উপশম হয়, অন্তরে নেমে আসে প্রশান্তি। নির্ঘুম রাতে নামাজ কেন উত্তম সঙ্গী, কোরআন ও হাদিসের আলোকে তার সাতটি কারণ তুলে ধরা হলো। ১. নামাজ দুর্দিনের আশ্রয় : নামাজ মুমিনের জন্য কঠিন সময়ের নিরাপদ আশ্রয়। মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুরা বাকারাহ, আয়াত ১৫৩। মূলত আশ্রয়হীনতা এবং নির্ভরযোগ্য অবলম্বন খুঁজে না পাওয়ার কারণেই বিপদগ্রস্ত মানুষের ঘুম হারাম হয়ে যায়। আর নামাজ মানুষকে সরাসরি আল্লাহর আশ্রয়ে স্থান করে দেয়, ফলে ভয় ও উৎকণ্ঠা দূর হয়। ২. নামাজ অস্থিরতা দূর করে : নামাজ হলো আল্লাহ ও বান্দার মধ্যে একটি মজবুত সেতুবন্ধন। নামাজের মাধ্যমে বান্দার মনের গ্লানি, মানসিক চাপ ও অস্থিরতা দূর হয়। কেননা নামাজের সময় বান্দা নিজেকে এমন মহান সত্তার হাতে সোপর্দ করে, যিনি একাই সব বিপদ ও সংকট দূর করতে সক্ষম। হুজাইফা রা. থেকে বর্ণিত, যখন কোনো বিষয় রাসুলুল্লাহ সা. কে চিন্তিত করত, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুনানে আবি দাউদ, হাদিস ১৩১৯। ৩. নামাজে মনের প্রশান্তি : গভীর রাতে যখন ঘুম পালিয়ে যায় এবং কোনো কিছুতেই শান্তি মেলে না, তখন দুর্ভাবনার সাগরে ডুবে না থেকে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত। কেননা আল্লাহ নামাজের মধ্যেই মুমিনের হৃদয়ের প্রশান্তি রেখেছেন। রাসুলুল্লাহ সা. বলতেন, হে বেলাল! নামাজের জন্য ইকামত দাও। এর মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। সুনানে আবি দাউদ, হাদিস ৪৯৮৫। ৪. নামাজে চোখের প্রশান্তি : স্বপ্নভঙ্গের কষ্টের দৃশ্যগুলো যখন স্মৃতির ক্যানভাস থেকে কিছুতেই মোছা যায় না, বারবার চোখের সামনে ভেসে ওঠে, তখন নামাজই চোখে এনে দিতে পারে প্রশান্তির ছায়া এবং মুছে দিতে পারে কষ্টের দাগ। কেননা আল্লাহর দরবারে বান্দার প্রেমপূর্ণ আত্মসমর্পণ তাকে এমন অপার্থিব শান্তি এনে দেয়, যাতে সে পার্থিব সব বেদনা ভুলে থাকতে পারে। এ জন্য নবীজি সা. বলতেন, নামাজেই আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে। সুনানে নাসায়ি, হাদিস ৩৯৩৯। ৫. সিজদায় আল্লাহর নৈকট্য : পার্থিব জীবনের মোহ ও মায়া মানুষকে দুশ্চিন্তায় ফেলে। মানুষ যখন মহান আল্লাহর নৈকট্য লাভ করে, তখন সে এই মোহ ও মায়া থেকে মুক্তি পায়, ফলে হৃদয়ের ব্যথাও উপশম হয়। আর সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। রাসুলুল্লাহ সা. বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। সুতরাং তোমরা তাতে অধিক পরিমাণে দোয়া করো। সহিহ মুসলিম, হাদিস ৪৮২। এই হাদিস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, তা হলো আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনার উত্তম সময় হলো নফল নামাজের সিজদা। তাই যারা বিশ্বাস করে মুক্তি একমাত্র আল্লাহর কাছেই, তাদের উচিত রাতের নির্জনতায় সিজদায় পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া। ৬. নামাজে দূর হয় হতাশা : নামাজ মুমিনের অন্তর থেকে সব হতাশা ও অস্থিরতা দূর করে দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে। যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ, তবে নামাজ আদায়কারীরা ছাড়া। সুরা মাআরিজ, আয়াত ১৯-২২। ৭. নামাজে হালকা হয় মন : মানুষের কথা ও আচরণে মুমিনের অন্তরে যে গ্লানি ও ভার সৃষ্টি হয়, সিজদায় অবনত হলে তা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি জানি, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। সুরা হিজর, আয়াত ৯৭-৯৮। তবে মনে রাখতে হবে, নামাজ বান্দার জন্য তখনই উপশম ও আরোগ্য হয়, যখন তার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা থাকে। মহান আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ব্যক্তিরা ছাড়া আর সবার কাছে নিশ্চিতভাবে কঠিন। সুরা বাকারাহ, আয়াত ৪৫। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান ও আমলের তাওফিক দান করুন। আমিন।