রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি তার সংসদ সদস্য পদ হারান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে জরুরি ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















