বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা বিদেশে অবস্থান করে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং দেশের অভ্যন্তরে থাকা গুপ্ত ও সুপ্ত সহযোগীরা তাদের সহায়তা করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জ্বালানির দাম বৃদ্ধির কথা উল্লেখ করে রিজভী বলেন, এক পক্ষ সড়কে নেমেছে, তবে বর্তমানে বিশ্বের অনেক দেশেই জ্বালানি সংকট চলছে। বিরোধী দলের যারা উচ্চকণ্ঠ করছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত।
জামায়াতের এক হাজার গাড়ি নিয়ে লং মার্চের সমালোচনা করে তিনি বলেন, এভাবে জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের অনেক সাশ্রয় হতো, যা সাধারণ মানুষ অনুধাবন করে। তিনি আরও উল্লেখ করেন যে, চরম সংকটের মধ্যেও সরকার জনগণের সর্বোচ্চ কল্যাণে কাজ করছে এবং তারেক রহমানের সরকারের অধীনে অর্থনীতি উন্নতির পথে হাঁটছে। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে বর্তমান সরকার।
সবশেষে তিনি বলেন, বিরোধী দল এখন যে নির্ভয়ে কথা বলছে, তা গত ১৭ বছরে সম্ভব হয়নি।





















