রাজধানীর মিরপুর এলাকায় সম্প্রতি এক ভয়াবহ হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থা খতিয়ে দেখার পর তিনি প্রতিষ্ঠানটির দ্রুত পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই বিশেষ পরিদর্শনের বিস্তারিত জানানো হয়।

ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এই প্রতিষ্ঠানের পুনরুদ্ধারে যে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছি, তা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এটি কেবল একটি শুরু, এখানেই শেষ নয়। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি যাতে দ্রুত আগের অবস্থায় ফিরে আসে, সে লক্ষ্যে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।" তিনি আরও যোগ করেন, "এলাকার সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করব। প্রয়োজনে এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য আরও পদক্ষেপ নেওয়া হবে।"

স্বাস্থ্যকেন্দ্রে চালানো এই বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, "নিশ্চয়ই সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ও মদদ ছাড়া এত বড় ধরনের অপকর্ম করার সাহস কেউ দেখাত না। অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।"

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "দেশজুড়ে মব সন্ত্রাস বর্তমানে প্রকট আকার ধারণ করেছে, যার পেছনে সরকারি দলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় রয়েছে। আর যেন দেশের কোথাও কোনো দুর্বৃত্ত অসামাজিক বা অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই কঠোর ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।"

রাড্ডার এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার জোরালো আহ্বান জানান তিনি।

এই পরিদর্শন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান এবং মনিরুল ইসলাম মৃধাসহ আরও অনেক নেতৃবৃন্দ।