সরকার পরিবর্তনের পর ভারতের পশ্চিমবঙ্গে স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। প্রস্তাবিত নতুন সিলেবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘আফ্রিকা’ কবিতা বাদ দিয়ে তাঁরই লেখা ‘শিবাজী উৎসব’ কবিতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতা ও তার বিভিন্ন নিদর্শন নিয়ে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো পর্যালোচনা করে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সনাতনী পরম্পরা ও ঐতিহ্যের বিষয় বিবেচনায় রেখে রবীন্দ্রনাথের ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে যুক্ত করা হচ্ছে। পরিবর্তন আসছে শুধু বাংলা সাহিত্যে নয়, ইতিহাসের পাঠ্যক্রমেও। নতুন সিলেবাসে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক ‘মেবার পতন’ যুক্ত করা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে পাঠ্যসূচিতে থাকা ‘সিরাজউদ্দৌলা’ নাটক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগের সরকারের আমলে পাঠ্যক্রমে যুক্ত হওয়া ‘সিঙ্গুর আন্দোলন’ অধ্যায়ও বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন পাঠ্যপুস্তকে ওই অধ্যায় আর রাখা হবে না বলে জানিয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান। পাশাপাশি ‘কন্যাশ্রী’ প্রকল্প সংক্রান্ত পাঠেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, সেখানে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের ইতিহাস রাখা হবে না। নতুন সিলেবাসে জাতীয়তাবাদী আন্দোলনকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।





















