সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি এবং নিষিদ্ধ লীগ। গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই গুরুতর অভিযোগ তুলে ধরেন।

তার পোস্টে আবু হানিফ প্রথমে সালমান মুক্তাদিরের স্টুডিওতে চালানো হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, এই অরাজক ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে।

আবু হানিফ আরও উল্লেখ করেন যে, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ তার কাছে কোনো চাঁদা দাবি করেনি। বরং জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে। পুলিশের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের দীর্ঘদিনের বিরোধের কারণে এই ঘটনাটি ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো বিষয় নেই এবং সালমান মুক্তাদিরের স্টুডিও মূল লক্ষ্য ছিল না।

দুই জমির মালিকের মধ্যকার অভ্যন্তরীণ বিরোধের ঘটনাটিকে এখন মোড় ঘুরিয়ে প্রচার করা হচ্ছে যে, চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা হয়েছে। আবু হানিফের মতে, এই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালানোর পেছনে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগের হাত রয়েছে।