এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তার স্বামীর গুরুতর অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই তথ্য জানান।

সামান্থা শারমিন তার পোস্টে উল্লেখ করেন, এর আগে তিনি পরিবারের একজন সদস্যের অসুস্থতার কথা জানিয়েছিলেন, তবে ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে আলোচনার বাইরে রাখতে চেয়েছিলেন বলে তখন বিস্তারিত বলেননি। এখন তিনি স্পষ্ট করেছেন যে, অসুস্থ ব্যক্তিটি তার প্রিয়তম স্বামী এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

এক উদ্যমী, কর্মঠ ও তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হয়ে পড়তে দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে জানান তিনি। তিনি বিশ্বাস করেন, সর্বজ্ঞানী ও মহাপরাক্রমশালী আল্লাহ তাঁর বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন অথবা পাপমুক্ত করেন। আলহামদুলিল্লাহ, এই পরীক্ষার বিষয়ে তার কোনো আফসোস নেই।

রাজনৈতিক অবস্থানের কারণে তিনি বা তার স্বামী অনেকের কাছে অপ্রিয় হতে পারেন, তা স্বীকার করেই তিনি সবার কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন। পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়েত কামনা করে লিখেছেন, "আল্লাহ, আপনি ছাড়া আমরা শূন্য।"