ফুটবল মাঠে রেফারির হাতে কার্ড মানেই সাধারণত খেলোয়াড়দের জন্য শাস্তির বার্তা। কিন্তু লিওনেল মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে দেখা গেল ব্যতিক্রমী এক মুহূর্ত। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ক্যামেরার সব আলো গিয়ে পড়ে মেসির ওপর। তখন ম্যাচ রেফারি ফার্নান্দো ভেখার এগিয়ে আসেন আর্জেন্টাইন মহাতারকার দিকে। তাঁর হাতে ছিল বিশেষ উপহার — লাল ও হলুদ কার্ডের একটি সেট।
ম্যাচে শাস্তি দিতে ব্যবহৃত এই কার্ডই তিনি তুলে দেন মেসির হাতে। তবে তা শাস্তি হিসেবে নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের স্মৃতি ও সম্মান হিসেবে। আর্জেন্টাইন অধিনায়কও স্মারক হিসেবে কার্ডগুলো নিজের কাছে রেখে দেন। বিদায়ী ম্যাচটি মাঠের পারফরম্যান্সেও স্মরণীয় করে রাখেন মেসি। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তিন গোলেই ছিল তাঁর সরাসরি অবদান। নিকোলাস ওটামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজে গোল করেন তিনি। ফলে বিদায়ী ম্যাচে তাঁর নামের পাশে যোগ হয় ১ গোল ও ২ অ্যাসিস্ট।
২০৮তম ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে করেন শেষ গোলটি। আলবিসেলেস্তেদের হয়ে থামলেন ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে। কার্ডের পাশাপাশি বিদায়ী ম্যাচের বলটিও তুলে দেওয়া হয় মেসির হাতে। ফলে রেফারির উপহার দেওয়া কার্ড ও ম্যাচ বল — দুটিই হয়ে থাকল তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতের অমূল্য স্মারক।





















