টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর ইউনিয়নের তালতলা গ্রামে লোকালয়ে দুটি মেছোবাঘ দেখা যাওয়ায় শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেক মিয়ার বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে তালতলা এলাকায় মেছোবাঘ দুটি ঘোরাফেরা করছিল।
শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বের হয়ে সেগুলোকে শুয়ে থাকতে দেখেন বারেক মিয়া। এ সময় প্রাণী দুটি উচ্চৈঃস্বরে ডাকতে থাকলে ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পাননি। পরে হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত উৎসুক মানুষ জঙ্গলের পাশে ভিড় জমান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে প্রাণী দুটি পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি বলেন, স্থানীয়রা প্রাণী দুটিকে ভুল করে চিতাবাঘ মনে করলেও এগুলো মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। নামের সঙ্গে ‘বাঘ’ শব্দ থাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রাণী দুটিকে না মারতে এবং আতঙ্কিত না হতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে মসজিদের মাইকেও সচেতনতামূলক ঘোষণা দেওয়া হয়েছে।



















