হলুদ চা মূলত চীনের ঐতিহ্যবাহী স্থানীয় চা হলেও বর্তমানে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। স্বাদ ও বৈশিষ্ট্যে এটি অনেকটা গ্রিন টির মতো হওয়ায় অনেকে একে জাদুকরি চা বলেও অভিহিত করেন।

ক্যামেলিয়া সিনেনসিস উদ্ভিদের পাতা থেকেই এই চা তৈরি হয়, যে উদ্ভিদ থেকে হোয়াইট টি, গ্রিন টি, ওলং টি ও ব্ল্যাক টি তৈরি হয়। কাপ অ্যান্ড লিফ ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে হলুদ চায়ের নানা গুণের কথা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হলুদ চা শরীরের বিপাক ক্ষমতা বাড়িয়ে দ্রুত চর্বি কমাতে সহায়তা করে, এর পলিফেনল ও ক্যাটেচিন উপাদানের কারণে ওজন কমে। গবেষণায় বলা হয়েছে, হলুদ চায়ের পলিফেনল লিভারকে সুরক্ষা দেয় এবং হেপাটাইটিসের চিকিৎসায়ও সহায়ক।

গ্রিন টির মতোই এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখে। পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা অকাল বার্ধক্য রোধ করে। গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহ পর্যন্ত এটি উপকারী হলেও দৈনিক ২০০ মিলিগ্রামের বেশি পান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।