পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্রাকোভের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

শনিবার ঘটে যাওয়া এ ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। পোল্যান্ডের ফায়ার সার্ভিসের মুখপাত্র হুবার্ট চেপুই জানান, শহরের প্রধান মার্কেট স্কয়ারে চলন্ত একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পোলিশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, তিনি এই ‘মর্মান্তিক গোলাগুলির’ ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন। হামলার উদ্দেশ্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।